রেজাউল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
টানা কয়েক দিনের প্রবল বর্ষণে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের খুটামারা কবরস্থান থেকে খুটামারা প্রধানপাড়া জামে মসজিদ পর্যন্ত সংযোগ সড়কের মাঝামাঝি অংশে থাকা একটি কালভার্ট ধসে পড়েছে। শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পানির তীব্র স্রোতে কালভার্টটি দেবে যায় এবং এর দুই পাশের সড়কও ভেঙে পড়ে। এতে খুটামারা এলাকার অন্তত পাঁচটি পাড়ার শতাধিক মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল, ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচলও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জানা গেছে, খুটামারা কবরস্থান থেকে প্রধানপাড়া জামে মসজিদ পর্যন্ত কাঁচা সড়কটি ইউজিআর (UGR) প্রকল্পের আওতাভুক্ত এবং দীর্ঘদিন ধরে এটি এলাকাবাসীর অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কালভার্টটি ধসে পড়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী দ্রুত দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কালভার্ট পুনর্নির্মাণ এবং সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। স্থানীয়দের আশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার হবে।


















